কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের ২৮৭ জন দায়িত্বশীলকে নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে আদর্শবান, সৎ ও দক্ষ নেতৃত্ব গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট থেকে দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের পাশাপাশি মাঠপর্যায়ের কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সায়ফুল্লাহ।
উদ্বোধনী অধিবেশনের পর পবিত্র কুরআন থেকে দারস পেশ করেন খুলনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাফেজ আমিনুল ইসলাম।
এ সময় বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক স. ম. এনামুল হক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ।
বক্তারা বলেন, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিয়মিত শিক্ষা, প্রশিক্ষণ, রিপোর্টিং, বায়তুল মাল পরিচালনা এবং দায়িত্বশীলদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আদর্শিক চর্চা ও সুশৃঙ্খল সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।
দিনব্যাপী শিক্ষা শিবির শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ইসলামী আন্দোলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষা শিবিরের সফল বাস্তবায়নে রেজিস্ট্রেশন, শৃঙ্খলা, আপ্যায়ন ও সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত উপজেলা ও ইউনিট পর্যায়ের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।