পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় পেশাগত দায়িত্ব পালনকে কেন্দ্র করে দৈনিক জনবাণীর বারহাট্টা উপজেলা প্রতিনিধি ও বারহাট্টা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক ওমর ফারুককে ফোনে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বারহাট্টা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি সাংবাদিক মহলসহ এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে।
জিডি সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টের পর একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে সাংবাদিক ওমর ফারুককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জিডিতে তিনি উল্লেখ করেন, হুমকিদাতা কথোপকথনের সময় বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি, একজন সংসদ সদস্য, সাংবাদিক ও পুলিশের নাম উল্লেখ করে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, বারহাট্টা সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় ‘বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ’-এর অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়ে তথ্য অনুসন্ধানের অংশ হিসেবে সাংবাদিক ওমর ফারুক ভুক্তভোগীর সঙ্গে কথা বলে তার ভিডিও বক্তব্য নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন।
এর জের ধরে অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয় দিয়ে সাদ্দাম তালুকদার নামে এক ব্যক্তি গত ১৬ জুলাই ফোন করে তাকে গুলি করে হত্যার হুমকি দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন বলে জিডিতে দাবি করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যদের নিয়েও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম বলেন, সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী সাংবাদিক জানান, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতেই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন। একই সঙ্গে ঘটনার দ্রুত, নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
বারহাট্টা থানা পুলিশও জানিয়েছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।