চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের ৮টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১৫ জুলাই) বেলা পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর বিওপির সামনের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত সোলেমান মোল্লার ছেলে মিজানুর রহমান (৬১)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মুন্সিপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা করা হবে। এ তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপিকে সতর্ক করা হয় এবং সীমান্ত এলাকায় বিশেষ টহলদল মোতায়েন করা হয়।
সকাল সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে মুন্সিপুর বিওপির সামনের সড়কে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে মিজানুর রহমানকে থামায় বিজিবি সদস্যরা। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে টেপ দিয়ে মোড়ানো একটি প্যাকেট থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ১ হাজার ২৩০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন এবং পাচারের কাজে ব্যবহৃত একটি ডায়াং DY50 মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণ সরকারি বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।