কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে দেবীগঞ্জ সদর ইউনিয়ন ও দণ্ডপাল ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন দেবীগঞ্জ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মামুন ইসলাম (৩২) এবং দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার লাল চান মিয়ার ছেলে আকাবর খান (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল প্রায় ১১টা ৪০ মিনিটে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা তাকে দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আতিকুর রহমান মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিনে দণ্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক আকাবর খান।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
তিনি বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার এবং আবহাওয়া সতর্কতা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।