মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি : রাঙ্গামাটির লংগদু উপজেলায় অটোরিকশা ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিফাত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি মাহিন্দ্র এবং সোনাই ৫নং ব্লক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশা ইসলামবাদের নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। পরে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত দুই বছরের শিশু রিফাত মারা যায়। আহত অপর পাঁচজন বর্তমানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোনাই ৫নং ব্লক থেকে আসা অটোরিকশাটি অতিরিক্ত গতিতে এসে রাস্তার মোড় নিয়ন্ত্রণ করতে না পেরে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে মাহিন্দ্রে থাকা যাত্রীরা নিরাপদে ছিলেন।
অটোমালিক সমিতির সভাপতি দুলাল মিয়া বলেন, “অটোচালক বরকত আমাদের সমিতির সদস্য নন। তিনি নতুন গাড়ি কিনেছেন এবং কিছুদিন আগে গাড়ি চালানোর বিষয়ে আমাদের অবহিত করেছিলেন। গাড়ি কেনার দিনই তিনি একবার পাহাড়ের নিচে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন। এরপরও আমরা সমিতির পক্ষ থেকে বিষয়টি খোঁজখবর নিচ্ছি।”
মাহিন্দ্র মালিক সমিতির প্রতিনিধি জামাল হোসেন জানান, “সোমবার সকাল ৬টায় নুর আলম যাত্রী নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা করেন। পরে নাজিম টিলা এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে দেখা গেছে, অটোরিকশাটি বিপরীত লেনে চলে এসেছিল। মাহিন্দ্রের যাত্রীরাও বিষয়টি নিশ্চিত করেছেন।”
এদিকে, অটোরিকশার আহত যাত্রীরা সবাই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো জব্দের চেষ্টা চলছে। আহতদের স্বজনদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”