বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়া বিষাক্ত পার্থেনিয়াম গাছে ফুল ফুটেছে। দেখতে আকর্ষণীয় হলেও এই গাছের ফুল ও পুষ্পরেণু মানুষ, পশুপাখি এবং কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর বলে সতর্ক করেছে উপজেলা কৃষি বিভাগ।
জানা গেছে, বদলগাছী উপজেলার বিভিন্ন ইউনিয়নে, বিশেষ করে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর-ভান্ডারপুর আঞ্চলিক সড়ক এবং কোলা ইউনিয়নের পার-আধাইপুর সড়কের দুই পাশে ব্যাপকভাবে পার্থেনিয়াম গাছ জন্মেছে এবং বর্তমানে তাতে ফুল ফুটেছে। আপাতদৃষ্টিতে সাধারণ আগাছা মনে হলেও এই গাছে থাকা ‘পার্থেনিন’ নামক বিষাক্ত উপাদান জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, পার্থেনিয়াম গাছের ফুলের রেণু বা বীজ শ্বাস-প্রশ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করলে হাঁপানি, শ্বাসকষ্ট, জ্বরসহ বিভিন্ন শারীরিক জটিলতা দেখা দিতে পারে। বিশেষ করে যাদের অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, তাদের ত্বকে এই গাছের রস লাগলে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়া গরু, ছাগলসহ গৃহপালিত প্রাণী এ গাছ খেলে তাদের মুখ ও যকৃতের বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।
বদলগাছী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর নাজমুল নাহিদ হাসনাত বলেন, “বিষাক্ত পার্থেনিয়াম গাছের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”
তিনি আরও জানান, এই আগাছার বিস্তার রোধে স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সম্মিলিতভাবে নির্মূল কার্যক্রম পরিচালনা করা জরুরি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান বলেন, “পার্থেনিয়াম গাছের পুষ্পরেণু বেগুন, টমেটো ও মরিচের মতো গুরুত্বপূর্ণ সবজি ফসলের উৎপাদন ব্যাহত করে। এছাড়া এটি মাটিতে নাইট্রোজেন আবদ্ধকরণের স্বাভাবিক প্রক্রিয়ায়ও বাধা সৃষ্টি করে, যা কৃষি উৎপাদনের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর।”
কৃষি বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে পার্থেনিয়াম গাছ চিহ্নিত করে দ্রুত অপসারণ এবং এর সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।