পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় সরকারি দপ্তর পরিদর্শন, স্থানীয় পর্যায়ে মতবিনিময় সভা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেছেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসক পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কার্যালয়গুলোর দাপ্তরিক কার্যক্রম ও নথিপত্র পর্যালোচনা করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং সুধীজনদের সঙ্গে এক ফলপ্রসূ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।
পরে জেলা প্রশাসক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি বিতরণ করেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসকের অর্থায়নে দুঃস্থ ও অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়।
এ সময় শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক।
সবশেষে, সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণের মাধ্যমে দিনব্যাপী পরিদর্শন ও জনকল্যাণমূলক কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।