ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:
“জুম্ম স্বার্থপরিপন্থী ও পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সকল প্রতিক্রিয়াশীল অপশক্তির বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হোন”— এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ১৩তম থানা শাখা ও ৮ম কলেজ শাখার যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলার মুবাছড়ি ইউনিয়নের ধনপতি কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে পিসিপির খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
সম্মেলনে ১৯ সদস্যবিশিষ্ট মহালছড়ি থানা কমিটি ঘোষণা করা হয়। এতে অন্তর চাকমাকে সভাপতি, বিভাস চাকমাকে সাধারণ সম্পাদক এবং টুকিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া, ৪১ সদস্যবিশিষ্ট মহালছড়ি সরকারি কলেজ শাখা কমিটিতে আপু চাকমাকে সভাপতি, সৈকত চাকমাকে সাধারণ সম্পাদক এবং যুক্তি চাকমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক তুষন চাকমা। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মহালছড়ি উপজেলা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির ছাত্রবিষয়ক সম্পাদক শান্তি বিজয় চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপির মহালছড়ি থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অন্তর চাকমা। এ সময় বক্তব্য দেন মহালছড়ি থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বিভাস চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, পিসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাধারণ সম্পাদক এল্টন চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি রিটেন চাকমা।
সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থী ও তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা, সাংগঠনিক ঐক্য এবং কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।