মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে ৭৩০ জন ভাতাভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) চর ভেলামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর সরকারি কলেজ মাঠ থেকে দ্বিতীয় ধাপে দেশের ২০টি জেলার ২০টি ওয়ার্ডে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ কর্মসূচির মাধ্যমে একই সময়ে ২০ জেলার মোট ১৪,৩৭০ জন ভাতাভোগীর মাঝে প্রাপ্য অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড প্রদান বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ অংশ। পর্যায়ক্রমে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে। তিনি বলেন, এই সুবিধা পাওয়ার জন্য কাউকে কোনো ধরনের দালাল বা কমিশন দিতে হয় না। এটি সম্পূর্ণ সরকারের প্রাপ্য সহায়তা, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ভাতাভোগীদের উচিত প্রাপ্ত অর্থের একটি অংশ সঞ্চয় করা, যাতে ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। বিশেষ করে নারী সমাজকে অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষি কার্ডসহ স্থানীয় অবকাঠামো উন্নয়ন—রাস্তা, ব্রিজ, হাসপাতাল, স্কুল ও কলেজ—এলাকার উন্নয়ন কার্যক্রম সরকারের পরিকল্পনায় রয়েছে। যেসব কাজ দ্রুত বাস্তবায়ন সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হচ্ছে। তবে উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা।