মোখলেছুর রহমান ধনু,
লক্ষ্মীপুর)প্রতিনিধি:
দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালনা কমিটি না থাকায় চরম নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার মধ্যে দিন কাটাচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ‘চর বসু বাজার’এর ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসনিক নজরদারির অভাবে বাজারে চুরি, অবৈধ দোকান দখল এবং চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কার্যকর কমিটি কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা না থাকায় বাজারে কোনো ধরনের সালিশ-বিচার হচ্ছে না। ফলে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রতিনিয়ত মারামারির ঘটনা ঘটছে। এই নিরাপত্তা ঝুঁকির কারণে নতুন কোনো ব্যবসায়ী বা বাইরের বিনিয়োগকারীরা এখানে ব্যবসা করতে সাহস পাচ্ছেন না, যা বাজারের অর্থনৈতিক বিকাশকে পুরোপুরি থমকে দিয়েছে।
একইসঙ্গে সরকার প্রতি বছর এই বাজার থেকে মোটা অঙ্কের রাজস্ব ও ইজারা আদায় করলে ও অবকাঠামোগত কোনো উন্নয়ন। সঠিক তদারকি না থাকায় পরিচ্ছন্নতার অভাবের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও খাজনা আদায়ে অসাধু চক্রের হাতে হয়রানির শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমনকি বাজারে আসা নারী ক্রেতারাও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।
ব্যবসায়ী মো. মানিক, মো. আজাদ ও ইউছুফ মাঝি জানান, বাজারের অবৈধ দখলদারিত্ব বন্ধ ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে দ্রুত একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা প্রয়োজন। এজন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, সরকারি নিয়ম অনুযায়ী বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে থাকেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। তবে বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীরা যদি নিজ উদ্যোগে কমিটি গঠন করতে চান, তবে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।