রামগড় প্রতিনিধি:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার গভীর রাতে মাটিরাঙ্গার গৌরাঙ্গপাড়া এলাকায় বিজিবির চেকপোস্টে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেলটি ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরে মোটরসাইকেলটিতে তল্লাশি চালিয়ে সিটের নিচ থেকে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। খাগড়াছড়িতে এবারই প্রথম ক্রিস্টাল মেথ-আইস উদ্ধারের ঘটনা বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি।
পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।