আল মামুন মিলন
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়।
এর আগে গত ১ আগস্ট যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে পরদিন ২ আগস্ট ইউনিটটি পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফেরে। এর মাত্র ১৪ দিনের মাথায় শুক্রবার সকালে আবারও ইউনিটটিতে ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ২ নম্বর ইউনিটটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে সচল থাকা ১ ও ৩ নম্বর ইউনিটের ওপরই বিদ্যুৎ উৎপাদনের বড় চাপ রয়েছে। এর মধ্যে ১ নম্বর ইউনিটটি ফের বন্ধ হয়ে যাওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন আরও ব্যাহত হয়েছে।
স্থানীয়রা জানান, চলমান লোডশেডিংয়ের মধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের দুর্ভোগ বাড়ছে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ১ নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর মেরামতের কাজ শুরু হয়েছে। দ্রুত ত্রুটি মেরামত করে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন্দ্রের ২ নম্বর ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পাশাপাশি ১ নম্বর ইউনিটের এমন আকস্মিক বিকল হয়ে পড়ায় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।