মো. মাসুদ রানা
বিশেষ প্রতিনিধি
খাগড়াছড়ির রামগড়ে হেলাল হোসেন সাগর (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) সকালে রামগড় পৌরসভার দক্ষিণ সদুকার্বারী পাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হেলাল হোসেন সাগর ওই এলাকার আমীর হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার পাশের ঘরের এক আত্মীয়ের মাটির ব্যাংক চুরির ঘটনায় হেলালকে সন্দেহ করা হয়। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। পরিবারের ধারণা, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
নিহতের বাবা আমীর হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেলালকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খোলার চেষ্টা করেন। পরে ভেতরে তার নিথর দেহ দেখতে পান। এরপর পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহ ঘরের বাইরে নিয়ে আসা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।