মো. মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাটের কালাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী ও বিএনপি নেতা আনিসুর রহমান তালুকদারের সমর্থনে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টায় কালাই বাসস্ট্যান্ড চত্বরে পৌরবাসীর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
কালাইয়ের বিশিষ্ট ব্যক্তি মোফাজ্জল হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি এবং আসন্ন কালাই পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আনিসুর রহমান তালুকদার।
বক্তব্যে আনিসুর রহমান তালুকদার বলেন, “কালাই পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দলমত-নির্বিশেষে পৌরবাসী আমাকে সেবা করার সুযোগ দিলে আমি একটি আধুনিক ও মাদকমুক্ত পৌরসভা উপহার দিতে চাই।”
তিনি আসন্ন নির্বাচনে জয়লাভের লক্ষ্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুবদল সাধারণ সম্পাদক বজলুর রহমান মীরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক অ্যাডভোকেট নাফিউজ্জামান তালুকদার ডলার।
বক্তারা বলেন, কালাইয়ের মাটিতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। আসন্ন পৌরসভা নির্বাচনে আনিসুর রহমান তালুকদারের বিজয় নিশ্চিত করতে তারা মাঠপর্যায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সমাবেশে কালাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।