সভাপতি অদুদ, সম্পাদক মামুন
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্যজীবী সমিতি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবদুল অদুদ হাওলাদারকে সভাপতি এবং মীর হাছান মাহমুদ মামুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১ আগস্ট (শনিবার) সকালে উপজেলার আলেকজান্ডারের জমিদার হাট প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।
বিদায়ী সভাপতি আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে এবং মীর হাছান মাহমুদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ উজ জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবিএম ছিদ্দিক ফকির, জেলা সদস্য মো. ফোরকান, আলতাফ মাহমুদ ও শহীদ ব্যাপারী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আবদুল অদুদ হাওলাদার এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. মেহরাজ উদ্দিন।
নবগঠিত কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এ কে এম জহির রায়হান; সহ-সভাপতি মো. শাহজাহান, মো. বেলায়েত হোসেন ও মো. নূর নবী মাঝি; যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহি উদ্দিন ও মো. মাসুদ; সাংগঠনিক সম্পাদক মো. মেহরাজ উদ্দিন; প্রচার সম্পাদক মো. শেখ ফরিদ এবং মহিলা সম্পাদিকা নাজু বেগম।
সম্মেলন শেষে জেলা শাখার নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেঘনা নদীকেন্দ্রিক প্রান্তিক জেলেদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, সরকারি চাল বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেলেদের জীবনমান উন্নয়নে সংগঠনের পক্ষ থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণ ও জেলেদের স্বার্থরক্ষায় সরকারের বিভিন্ন কর্মসূচির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনারও প্রত্যয় ব্যক্ত করেন তারা।