চট্টগ্রাম (সীতাকুণ্ড) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, পচা-নষ্ট খাবার সংরক্ষণ ও ক্রেতাদের পরিবেশনের অভিযোগে দুইটি রেস্তোরাঁকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে রাজবাড়ী রেস্তোরাঁকে ৩০ হাজার টাকা এবং আল আমিন রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে দুই রেস্তোরাঁ থেকে উদ্ধার হওয়া পচা ও নষ্ট খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
তিনি বলেন, “জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।” এ সময় তিনি রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের নির্দেশনা দেন।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।