ফিরোজ আল আমিন
নিজস্ব ট্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হত্যা করে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের একজন সানজিদা মিম (১৯)। তিনি তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের হরিসোনা গ্রামের ইয়াসিন হাসেমের স্ত্রী। স্বজনদের অভিযোগ, সানজিদাকে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে প্রচার করতে তার মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
অপরদিকে, উপজেলার সগুনা ইউনিয়নের খুকনিপাড়া গ্রামে আব্দুল জলিলের স্ত্রী সালমা বেগম (৩৫)-এর ঝুলন্ত মরদেহ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। তার পরিবারের সদস্যদেরও দাবি, সালমা বেগমকে হত্যা করে পরে মরদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সোমবার পৃথক দুটি স্থান থেকে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।
একই দিনে দুটি পৃথক ঘটনায় দুই গৃহবধূর মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।