ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাত দিনব্যাপী রথযাত্রা উৎসবের সমাপনী দিনে ভাঙ্গুড়া ভদ্রপাড়া মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উল্টো রথযাত্রার সূচনা হয়। একই সঙ্গে পাথরঘাটা বিশ্বাসপাড়া ও কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে দিনব্যাপী হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি, কীর্তন এবং পূজা-অর্চনার আয়োজন করা হয়।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয় এবং সাত দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে এর সমাপ্তি ঘটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ অর্থ ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভের মাধ্যমে মানুষের মুক্তিলাভ সম্ভব—এমন বিশ্বাস থেকেই প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে এ উৎসব পালিত হয়ে থাকে।
এবারের উল্টো রথযাত্রায় ভদ্রপাড়া মন্দির থেকে রথটি বের হয়ে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার রায় ও সাধারণ সম্পাদক সমরজিৎ গুণ জানান, শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়েছে। উৎসব উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এজন্য তারা উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।