বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আবু কালাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ঝাঁকুয়া পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবু কালাম ওই এলাকার মৃত ইলিয়াজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টার দিকে আবু কালাম গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের মাঠে যান। এ সময় হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন। একপর্যায়ে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ময়নুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।