পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক স্কুল শিক্ষকের রোপনকৃত ভুট্টাক্ষেত নষ্ট ও জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ৪ নম্বর পলাশবাড়ী ইউনিয়নের কালিকাপুর ছোট কাঞ্চানা গ্রামের পার্শ্ববর্তী ৫৭৩৩ নং দাগের জমিতে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত রবিবার (২১ জুন) ওই গ্রামের পৈত্রিক বাটোয়ারা সূত্রে পাওয়া স্কুল শিক্ষক রবিউল ইসলামের নিজ নামীয় জমিতে রোপনকৃত পরিপক্ক ভুট্টা গাছ জোরপূর্বক উপড়ে ফেলে ফসল নষ্ট করে প্রতিপক্ষরা। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় একই এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে শাহাদত হোসেন সাদো, রেজাউর রহমান, রওশন আলী ও হাবিবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, তারা জমি দখলের চেষ্টা চালিয়ে ভুট্টা ক্ষেত নষ্ট করেন এবং বাধা দিতে গেলে বাদী পক্ষকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় স্কুল শিক্ষক রবিউল ইসলাম পার্বতীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।