শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার
মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (অ্যাডহক) নবনির্বাচিত সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট প্রকৌশলী ও শিক্ষানুরাগী মোহাম্মদ আবু তাহের। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর কিন্তু উৎসবমুখর অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এবং সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সমীর কান্তি বড়ুয়া।
অনুষ্ঠানের শুরুতে নতুন পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত শিক্ষক, শিক্ষানুরাগী, অভিভাবক প্রতিনিধি ও সমাজসেবীরা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর সফলতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মুহাম্মদ ওমর আলী, বাশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক জমির হায়দার বাবলা, বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য ও সাংবাদিক মো. হাসানুর জামান বাবু, সাবেক অভিভাবক সদস্য আহমদ কবির বাবুল, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শওকত আলী, বর্তমান পরিচালনা কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক মোহাম্মদ সেলিম, অভিভাবক সদস্য আবদুল মাবুদ এবং সিনিয়র শিক্ষক তপন দত্ত, কমর উদ্দীন, ফাল্গনী দে, পান্না নাথ, কণিকা শীল, আবদুল মালেক, মুহাম্মদ মোবাশাশরুল মাহমুদ, মুহাম্মদ জাহিদ হাসান, মুবাশ্বির আলী ও মুহাম্মদ মহি উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সভায় মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়। একই সঙ্গে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এনামুল হকসহ পরিচালনা কমিটি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের তাঁর বক্তব্যে বলেন, “হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, আধুনিক শিক্ষা পরিবেশ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সমাজের বিশিষ্টজন এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়কে একটি আধুনিক, আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই নবনির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।