আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে একটি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ ও প্রতিষ্ঠান দখলের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ জুন) আদমদীঘি বিদ্যাবিথী মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের হিসাব অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং হিসাব শাখার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাবেয়া সুলতানা দীনা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৭ জুন দৈনিক করতোয়াসহ কয়েকটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের বোন পরিচয়দানকারী রেনুকা বেগম স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদারের বিরুদ্ধে প্রতিষ্ঠান দখল ও অর্থ আত্মসাতের যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি জানান, আদমদীঘি ইসলামী ব্যাংক শাখায় বিদ্যালয়ের নামে পরিচালিত হিসাবে ১৭ জুন পর্যন্ত ১৪ লাখ ৩৬ হাজার ৩০৩ টাকা জমা রয়েছে। ফলে অর্থ আত্মসাতের অভিযোগের কোনো ভিত্তি নেই। বরং একটি স্বার্থান্বেষী মহল প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের দাবি, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার ও বিএনপি নেতা আব্দুল মোত্তাকিন তালুকদারের সহযোগিতায় বিদ্যালয়ের কার্যক্রম সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু, প্রতিষ্ঠাতা মরহুম বুলবুল ফারুকের স্ত্রী হাবিবা সুলতানা, ভাই অমর ফিরোজ এবং শিক্ষক প্রতিনিধি সাধন কুমার পাল উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অমর ফিরোজ ও হাবিবা সুলতানা বলেন, অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং একটি মহল পরিকল্পিতভাবে বিদ্যালয়টির সুনাম ক্ষুণ্ন ও কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।