আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর নিজ শোয়ার ঘর থেকে গলায় রশি বাঁধা ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রহস্যজনক এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইসরাতকে হত্যা করে পরে গলায় রশি বেঁধে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী ডাংগাপাড়া গ্রামের নিজ বাড়ির শোয়ার ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।
নিহত ইসরাত জাহান ওই গ্রামের রাকিবুল ইসলাম আকাশের স্ত্রী এবং রামপুর ইউনিয়নের খামার জগন্নাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের এরশাদুল হকের মেয়ে বলে জানা গেছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।