মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী সলপ উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধের বিকাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ জুন) দুপুরে উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম।
উল্লাপাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল কাদের বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, সরকারি আকবর আলী কলেজের প্রভাষক আরিফুল ইসলাম এবং সলপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে সততা, নৈতিকতা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতার চর্চা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
প্রধান অতিথির বক্তব্যে দুদক পরিচালক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারলে ভবিষ্যতে একটি সুশাসনভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, সচেতনতামূলক এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টি করে এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।