নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় মামলার গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টার সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলাম।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রতারণা মামলার আসামিকে আটক করে থানায় পাঠানোর পর মামলার তদন্তসংক্রান্ত কার্যক্রম শেষ করে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফিরছিলেন এসআই মইনুল ইসলাম। পথে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।
এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে দুর্বৃত্তরা এসআই মইনুল ইসলামকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলায় এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে তিনি স্থানীয় এক অটোরিকশাচালকের সহায়তায় উদ্ধার হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।