আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে পৃথক অভিযানে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পার্বতীপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।
আটক ব্যক্তিদের মধ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার মমিনপুর ইউনিয়নের হৈবতপুর গ্রামের মো. ফয়জার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৮) এবং হরিরামপুর ইউনিয়নের পূর্ব হোসেনপুর গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে শাহিনুর ইসলাম (২১)।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের এ দণ্ড প্রদান করেন।
এদিকে আটক অপর ছয়জনের মধ্যে একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং পাঁচজনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়।