দেলোয়ার হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোর রাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর এলাকায় একটি ভুট্টাক্ষেত থেকে এসব মদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকায় একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারত থেকে আনা মাদকের চালান ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, “উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়রা সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।