সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চরকুশাবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক মানসিক ভারসাম্যহীন যুবকের ওপর সংঘবদ্ধ হামলা, বাড়িঘর ও দোকান ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই যুবককে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দায়ের করা মামলার অভিযোগে জানা যায়, গত ২৫ মে বিকেল সাড়ে ৪টার দিকে চরকুশাবাড়ী গ্রামের সাগর আহম্মেদ জালাল (৩৬) বাড়ির সামনের দোকানের সামনে অবস্থান করছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। এ সময় পূর্ব বিরোধের জেরে কয়েকজন প্রতিবেশী তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা লোহার রড, দা, হাসুয়া, শাবল, বাঁশ ও লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা প্রথমে দোকানঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৫২ হাজার ৫০০ টাকা এবং প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এরপর তারা বসতঘরে প্রবেশ করে সাগর আহম্মেদ জালালকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয় এবং পায়ে শাবল দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ সুযোগে হামলাকারীরা ঘরের আলমারি ও বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ প্রায় ৫ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ১৩ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার এবং আরও ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ করেছে পরিবারটি।
স্থানীয়দের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করলেও যাওয়ার সময় ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেয় বলে জানা গেছে। আহত সাগরকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, আহত ব্যক্তির চিকিৎসা ও নিরাপত্তাজনিত কারণে তাৎক্ষণিকভাবে মামলা করা সম্ভব হয়নি। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, “ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।