মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৭১ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) ভোর রাতে উপজেলার ইব্রাহিমপুর গ্রামের স্কুল মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ মে দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে যান ওই বৃদ্ধা। পরে মেয়ের দেওয়া মাছ ও তরকারি নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। পথে ইব্রাহিমপুর পার্কের পেছনের এলাকায় পৌঁছালে অভিযুক্ত তরিকুল ইসলাম তার ব্যাগ বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে সঙ্গে নেয়।
অভিযোগ রয়েছে, পরে মেন্দের মাঠ এলাকায় পৌঁছালে তরিকুল ইসলাম ওই বৃদ্ধাকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী বিষয়টি পরিবারকে জানান।
এ ঘটনায় রোববার রাতে নির্যাতিত বৃদ্ধা বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতার তরিকুল ইসলাম ইব্রাহিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, “মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।