বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নে দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ১০টায় কোলা ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের তত্ত্বাবধানে এবং বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে কোলা ইউনিয়নের ২ হাজার ২৪ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
সকাল থেকেই ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ঈদকে সামনে রেখে বিনামূল্যে চাল পেয়ে খুশি প্রকাশ করেন নিম্ন আয়ের মানুষজন। অনেকেই বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন সহায়তা তাদের ঈদের প্রস্তুতিতে কিছুটা স্বস্তি এনে দিয়েছে।
চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য অমর ফারুক, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং কোলা ইউপির প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নেই পর্যায়ক্রমে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে দরিদ্র ও অসহায় মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন।