সিরাজগঞ্জে আধিপত্য নিয়ে দুই মহল্লার সংঘর্ষ: আহত ২০, আটক ৬
জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ পৌর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে আটক করেছে। টানা দুই দিনের এই সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার মাসুমপুর ও সয়াধানগড়া মহল্লাবাসীর মধ্যে নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে, এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতেও কয়েক দফায় একই দুই মহল্লার বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হঠাৎ করেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।








