সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি খায়রুল, সম্পাদক বক্কর
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী সান্তাহার প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হিসেবে খায়রুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে আবু বকর সিদ্দিক বক্কর নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে মুক্তিযোদ্ধা মার্কেটে অবস্থিত প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে বাৎসরিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি খায়রুল ইসলাম। এতে প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে কণ্ঠ ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক খায়রুল ইসলাম সভাপতি এবং দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আবু বকর সিদ্দিক বক্কর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রায়হানুল ইসলাম রতন।
সভায় উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সান্তাহার প্রেসক্লাব আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় সমস্যা-সম্ভাবনা তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত দেন তারা।
এদিকে সভায় দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, প্রেসক্লাবের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে সদস্যদের ঐক্যবদ্ধ করে সংগঠনকে এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বক্কর বলেন, “সবার সহযোগিতা নিয়ে আমরা সান্তাহার প্রেসক্লাবকে আরও গতিশীল ও কার্যকর সংগঠনে পরিণত করতে চাই।”
সভাপতি খায়রুল ইসলামও একই প্রত্যয় ব্যক্ত করে বলেন, “সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও স্থানীয় জনস্বার্থে কাজ করাই আমাদের অগ্রাধিকার থাকবে।”








