মোখলেছুর রহমান ধনু, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের আদর্শপাড়া সমাজে নবনির্মিত ‘বায়তুস সালাম জামে মসজিদ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটিতে প্রথমবারের মতো জামাতে নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা।
স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শপাড়া এলাকায় কাছাকাছি কোনো মসজিদ না থাকায় দীর্ঘদিন ধরে নামাজ আদায়ে দুর্ভোগ পোহাতে হচ্ছিল মুসল্লিদের। এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা এবং মনোয়ার হোসেনের আন্তরিক উদ্যোগ ও নিরলস প্রচেষ্টায় অবশেষে নির্মিত হয় বায়তুস সালাম জামে মসজিদ।
মসজিদটি নির্মাণের মধ্য দিয়ে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এতে স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও সন্তোষ দেখা দিয়েছে। এখন থেকে তাঁরা বাড়ির কাছেই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের সুযোগ পাবেন।
স্থানীয়রা জানান, একটি মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতি বিকাশেরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাঁদের প্রত্যাশা, বায়তুস সালাম জামে মসজিদকে কেন্দ্র করে আদর্শপাড়া সমাজে ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
এলাকাবাসী মসজিদ নির্মাণে সহযোগিতাকারী সবাইকে ধন্যবাদ জানান। একই সঙ্গে মনোয়ার হোসেনের উদ্যোগ ও অবদানের প্রশংসা করেন তাঁরা।