খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামে উৎসবমুখর পরিবেশে খাগালিয়া কান্দিপাড়া চাইনিজবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে খাগালিয়া পূর্বপাড়া একাদশকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় খাগালিয়া কান্দিপাড়া খেলার মাঠে গ্রামবাসীর উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা দেখতে মাঠের চারপাশে আশপাশের বিভিন্ন গ্রামের হাজারো দর্শকের সমাগম ঘটে। ঢোল, করতালি ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ফাইনালে মুখোমুখি হয় খাগালিয়া পশ্চিমপাড়া একাদশ ও খাগালিয়া পূর্বপাড়া একাদশ। নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দল গোল করতে পারেনি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। পরে টাইব্রেকারে পশ্চিমপাড়া একাদশ ২-০ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন খাগালিয়া পশ্চিমপাড়া একাদশের হাতে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ খাগালিয়া পূর্বপাড়া একাদশের হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি তুলে দেওয়া হয়।
টুর্নামেন্টে স্পন্সর করেন ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের বাসিন্দা, মালদ্বীপপ্রবাসী ও সমাজসেবক মুক্তার হোসেন। তিনি ভিডিও কলে যুক্ত হয়ে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গ্রাম পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খাগালিয়া গ্রামের সাবেক মেম্বার মোহাম্মদ আরাফাত আলীর সভাপতিত্বে এবং তরুণ ব্যবসায়ী মো. শামীম আহমদের সঞ্চালনায় আয়োজিত ফাইনাল খেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক নিহারেন্দু চক্রবর্তী, সাংবাদিক শামীম আহমেদ, সাংবাদিক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক ওয়ালী রহমানসহ বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজক ও স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হয়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।