নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী জেলার পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে তিনি বারনই নদীর বর্তমান অবস্থা এবং চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নদীর স্বাভাবিক নাব্যতা ফিরিয়ে আনা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় তিনি বলেন, বারনই নদীর পরিবেশ ও ইকোসিস্টেম পুনরুদ্ধারে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনার পাশাপাশি এর দীর্ঘমেয়াদি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন।
এ ছাড়া পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।