পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ছয়জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিষমপুর ও তিলকপুর এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন ও পরিবহনের সময় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কলমাকান্দার বিভিন্ন ছড়া ও নদী থেকে দীর্ঘদিন ধরে ইজারা ছাড়াই একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, নদীতীরবর্তী পরিবেশ ও স্থানীয় প্রতিবেশব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে বিষমপুর ও তিলকপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত ছয়জনকে হাতেনাতে আটক করা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামসুজ্জামান আসিফ।
তিনি বলেন, অবৈধভাবে বালু উত্তোলন নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে কলমাকান্দা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্তদের রাতেই পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।