মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
শুভ মহালয়া উপলক্ষে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজনে শ্রীশ্রী চণ্ডীপাঠ, গর্ভধারিণী মাতৃপূজা, মাতৃ সম্মেলন, বস্ত্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুরব রাজা, খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সভাপতি অশোক মজুমদার, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দে এবং মন্দিরের সহসাধারণ সম্পাদক সুজিত চৌধুরী।
এ ছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদ, খাগড়াছড়ি জেলা শাখার মহিলা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত শিউলি বিশ্বাস, ছাত্র যুব পরিষদের সাধারণ সম্পাদক শেখর সেন, খাগড়াছড়ি জেলা প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুভ মহালয়াকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে মাতৃপূজা ও মাতৃ সম্মেলনের পাশাপাশি বস্ত্রদান এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত অতিথিরা অংশ নেন।