মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসএম খালেক উজ জামান রঞ্জুর উদ্যোগে নির্বাচনী গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে ইউনিয়নের ছোট-চৌগ্রাম এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। পরে এটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থাপনদিঘী বাজারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে এসএম খালেক উজ জামান রঞ্জু স্থাপনদিঘী বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি তাদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থের বিষয় নিয়ে মতবিনিময় করেন।
পরে স্থাপনদিঘী বাজারের গেটে এক পথসভা অনুষ্ঠিত হয়। ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
পথসভায় এসএম খালেক উজ জামান রঞ্জু বলেন, তিনি দীর্ঘদিন ধরে চৌগ্রাম ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তার ফটিক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী আকন্দ, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ডাবলু, সাবেক ইউপি সদস্য কেএম আকতার হোসেন, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা মিজানুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সদস্যসচিব কেএম ইমন এবং ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।