খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক মো. আমিনুল হকের নাসিরনগর সফরকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার তাঁর সফর উপলক্ষে উপজেলা প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপি ও আয়োজক কমিটির পক্ষ থেকেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কাজ চলছে। পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে সাধারণ মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া হচ্ছে।
জানা গেছে, আগামী ৩০ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল। ফাইনালে নুরপুর আব্দুর রহিম ফুটবল একাদশ ও লক্ষ্মীপুর ফুটবল একাদশ মুখোমুখি হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।
এদিকে প্রতিমন্ত্রীর সফর ও ফুটবল টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচির প্রস্তুতিও নেওয়া হয়েছে।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল কাদির ও সদস্য সচিব শফি কামাল রফিক বলেন, প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। ফাইনাল খেলা উপভোগ এবং প্রতিমন্ত্রীকে একনজর দেখতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে তাঁরা আশা করছেন। এ বিষয়টি বিবেচনায় রেখে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে গ্র্যান্ড ফাইনাল খেলায় সর্বস্তরের মানুষকে উপস্থিত হয়ে মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।