বুলবুল আহম্মেদ (বুলু), নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে মৎস্য সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চাকরাইল-আবাদপুর এলাকার বিভিন্ন জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জলাশয়ে ব্যবহৃত বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জাল জব্দ করেন উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা।
অভিযান শেষে জব্দকৃত জালগুলো উপজেলা শহরের বালুচর এলাকায় নিয়ে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সনি উপস্থিত থেকে জাল ধ্বংস কার্যক্রম প্রত্যক্ষ করেন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, চায়না দুয়ারি রিং জাল ব্যবহারের কারণে মাছের পোনা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জলজ প্রাণী নির্বিচারে আটকা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে জলাশয়ে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
অভিযানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, সহকারী মৎস্য কর্মকর্তা মাহফুজ উল হক এবং বদলগাছী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।