মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সহায়তায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ৮২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব অনুদানের চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় জেলা প্রশাসক লুৎফুন নাহার সড়ক নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মোটরসাইকেল আরোহীদের আরও সতর্ক হতে হবে এবং সড়ক পরিবহন আইন মেনে চলতে হবে। অবৈধ ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, দক্ষ চালকের অভাব ও সাধারণ মানুষের অসচেতনতার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে। দুর্ঘটনা কমাতে চালক ও যাত্রী উভয়কেই সচেতন হতে হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উন্নত বিশ্বের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে দক্ষ চালক তৈরি, ট্রাফিক আইন মেনে চলা এবং পথচারী ও যাত্রীদের সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) লিটন বিশ্বাস, ট্রাফিক ইন্সপেক্টর (শহর ও যানবাহন) আমিরুল ইসলাম, জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুদ্দিন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) চুয়াডাঙ্গা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অনুদানের চেক পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।