মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচিতে জলাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করা দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক পৌর কমিশনার মু. তাহের, সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর কাজী জাহেদ ইমাম, নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম জাহেদী, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. নুরুল ইসলাম, মহিউদ্দিন, নুর উদ্দিন রিপন, মো. নুরুল আলমসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ শেষে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মু. তাহের বলেন, “টানা বৃষ্টিতে পানিবন্দি হয়ে দুর্ভোগে থাকা মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। দুর্যোগ পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখা হবে।”
তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত এ দুর্ভোগ থেকে মুক্তি দেন এবং আমাদেরকে অসহায় মানুষের সেবায় আরও বেশি কাজ করার তাওফিক দান করেন।” তিনি দলীয় নেতাকর্মীদেরও গরিব ও দুস্থ মানুষের পাশে থাকার আহ্বান জানান।