ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের পাটুল, আদাবাড়িয়া ও পুঁইবিল এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী ধ্বংসের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত অভিযানে পাটুল, আদাবাড়িয়া ও পুঁইবিল এলাকা থেকে ১৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করা হয়।
জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫২ হাজার টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আজম এবং ভাঙ্গুড়া থানার এসআই (নিরস্ত্র) মো. গোলাম মোস্তফা।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার এবং এর উপকরণ পরিবহন রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।