বুলবুল আহম্মেদ (বুলু)
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর রানীনগরে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে আন্তজেলা গরু ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে রানীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হন। পরে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় রানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), রানীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস অংশ নেয়।
সম্প্রতি রানীনগর, আত্রাই, বদলগাছী ও মহাদেবপুর উপজেলায় সংঘটিত একাধিক গরু ডাকাতির ঘটনার তদন্তে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চক্রটির সদস্যদের শনাক্ত করে পুলিশ। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই সন্ধ্যায় নাটোরের নলডাঙ্গা এলাকা থেকে কুখ্যাত গরু ডাকাত আসলামকে র্যাবের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আসলাম চক্রের অন্য সদস্যদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে ১৫ জুলাই ভোরে নাটোরের সিংড়া উপজেলার বড় চৌগ্রাম বাজার এলাকায় ওত পেতে অবস্থান নেয় পুলিশ।
এ সময় ডাকাতদের বহনকারী একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে চালক বেপরোয়া গতিতে পালানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি পুলিশের গাড়িকে ধাক্কা দেয় এবং সড়কের পাশের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
পরে ছোট চৌগ্রাম এলাকায় পৌঁছে পিকআপে থাকা দুই ডাকাত পালানোর উদ্দেশ্যে কচুরিপানায় ভর্তি একটি জলাশয়ে ঝাঁপ দেয়। কয়েক ঘণ্টাব্যাপী যৌথ অভিযানের পর রানীনগর থানা পুলিশ, সিংড়া থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহায়তায় জলাশয় থেকে হাবিবুর রহমান (৪২) ও ফেরদৌস (২৬) নামে দুই ডাকাতকে জীবিত উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাদের চিকিৎসা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। অভিযানে রানীনগর থানার তিন পুলিশ সদস্য আহত হন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
এ ঘটনায় সিংড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি রানীনগর থানায়ও আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।