মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী ধলঘাট ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী আমেজ সৃষ্টি হতে শুরু করেছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় ভোটারদের মধ্যে চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। এ আলোচনায় গুরুত্বের সঙ্গে উঠে আসছে ধলঘাট ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, পটিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং ধলঘাট ইউনিয়ন বিএনপির নেতা মোঃ নুরুল ইসলাম চৌধুরী সানুর নাম।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নুরুল ইসলাম চৌধুরী সানু। তিনি একজন নাট্য পরিচালক, অভিনেতা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও এলাকায় সুপরিচিত। বিভিন্ন দুর্যোগ ও সংকটকালে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রতিক সময়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ কার্যক্রম পরিচালনার কারণে তিনি স্থানীয় জনগণের কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, খুব অল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পেয়েছেন, যা ধলঘাট ইউনিয়নের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ অব্যাহত রাখায় তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
স্থানীয় ভোটারদের একাংশের মতে, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব হিসেবে নুরুল ইসলাম চৌধুরী সানু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করলে ইউনিয়নের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেও তিনি কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবেন বলে তাদের প্রত্যাশা।
এদিকে, স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বেশ কয়েকজন নেতা-কর্মী জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত ও জনগণের সমর্থনের ভিত্তিতে নুরুল ইসলাম চৌধুরী সানু চেয়ারম্যান পদে নির্বাচন করলে তা ধলঘাট ইউনিয়নবাসীর জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বর্তমান ইউপি সদস্য বলেন, “নুরুল ইসলাম চৌধুরী সানু যদি চেয়ারম্যান পদে নির্বাচন করেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে আমার ওয়ার্ডসহ আশপাশের এলাকায় তার পক্ষে কাজ করার চেষ্টা করব। তার মতো পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী আমরা অতীতে খুব কমই পেয়েছি।”
এছাড়া ইউনিয়নের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকেও তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানা গেছে। ধলঘাট ইউনিয়ন নাগরিক ফোরামের এক দায়িত্বশীল ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে নুরুল ইসলাম চৌধুরী সানুর সম্ভাব্য প্রার্থিতাকে আমরা স্বাগত জানাই।”
তবে এখনো নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং কোনো রাজনৈতিক দলও আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি। এ বিষয়ে মোঃ নুরুল ইসলাম চৌধুরী সানু বলেন, সরকার ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হলে এবং ইউনিয়নবাসীর সমর্থন ও সহযোগিতা পেলে তিনি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
তিনি ধলঘাট ইউনিয়নের সকল ধর্ম, বর্ণ ও শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন এবং সার্বিক সহযোগিতা কামনা করেছেন।