সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে আজ বুধবার থেকে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্মিক সাধক ও হিন্দু সম্প্রদায়ের মহাপুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব শুরু হচ্ছে। এ উপলক্ষে বারদীতে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে তিন দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তিরোধান উৎসবে অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত আশ্রমে এসে পৌঁছেছেন। ভক্তদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো বারদী এলাকা। বুধবার সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
উৎসব উপলক্ষে আশ্রম ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মন্দির, তীর্থ নিবাসসহ পুরো আশ্রম প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। একই সঙ্গে সাত দিনব্যাপী মেলাও বসেছে বারদী এলাকায়।
তবে এ মেলাকে ঘিরে সার্কাসের নামে অশ্লীল নৃত্য এবং বিভিন্ন স্থানে জুয়ার আসর বসানোর প্রস্তুতি চলছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, গত কয়েক বছর ধরে তিরোধান উৎসব উপলক্ষে সরকারি ইজারায় মেলা না হলেও এবার একটি প্রভাবশালী মহল বারদী বাজার সংলগ্ন খেলার মাঠে দোকানপাট বসিয়ে খাজনা আদায়ের উদ্যোগ নিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিএনপির কয়েকজন স্থানীয় নেতার নেতৃত্বে একটি প্রভাবশালী গোষ্ঠী সার্কাস, অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা হালিম মেম্বার ও করিম রহমান বলেন, “আমরা বৈধভাবে মেলার ইজারা নিয়েছি। এখানে একটি সামাজিক ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হবে। অশ্লীলতা বা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ নেই।”
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব হিন্দু ধর্মীয় রীতিনীতি অনুযায়ী উদযাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। তবে অবৈধভাবে সার্কাস, অশ্লীল নৃত্য কিংবা জুয়ার আসর বসতে দেওয়া হবে না। এ বিষয়ে জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। মঙ্গলবার বারদী আশ্রম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার বলেন, “উৎসব উপলক্ষে পুলিশ, র্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬ শতাধিক সদস্য দায়িত্ব পালন করবেন। আশ্রম এলাকা ও আশপাশে সিসিটিভি নজরদারি বাড়ানো হয়েছে। মেঘনা নদীতেও নৌ-পুলিশ মোতায়েন থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।”
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চুরি, ছিনতাইসহ যেকোনো অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক শংকর কুমার দে জানান, তিরোধান উৎসব উপলক্ষে আশ্রমের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভক্তরা আশ্রমের হোস্টেল ও আশপাশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। উৎসবে পূজা-অর্চনা, ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং সন্ধ্যা কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হবে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “লোকনাথ ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। জুয়ার আসর বা সার্কাসের নামে অশ্লীল নৃত্যের আয়োজনের অভিযোগ সত্য প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে উৎসবকে ঘিরে একদিকে যেমন ধর্মীয় আবহ ও ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে বারদী, অন্যদিকে মেলাকে কেন্দ্র করে ওঠা অভিযোগগুলোও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। প্রশাসনের নজরদারির মধ্যেই উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশা করছেন ভক্ত ও এলাকাবাসী।