রামগড়ে কলাবাড়ী স্কুল আগুনে পুড়ে ছাই
মো.মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে অগ্নিকান্ডে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।
গতকাল শনিবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেটের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্য সকল মালামাল সহ পুড়ে ছাই হয়ে গেছে।
কলাবাড়ী স্কুলের প্রধান শিক্ষক মো: আবদুল কাদের জানান, শনিবার রাত আনুমানিক পৌনে ৮ টার দিকে স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো স্কুলঘর পুড়ে যায়। এসময় স্কুলে কেউ ছিল না। তিনি বলেন, রবিবার এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি বলেন, আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্লাসরুম, শিক্ষক রুম, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস, আসবাবপত্র কোন কিছুই অবশিষ্ট নেই, সবকিছুই ছাই হয়ে গেছে।
তিনি আরো জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও রামগড়ের ইউএনও খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কালাবাড়ী তে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পাওয়ার পরই রামগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছার আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে ভস্মিভূত হয়ে যায়। অগ্নিকান্ডের প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে।
রামগড় ফায়ার স্টেশনের কর্মকর্তা বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পোঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকান্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।








