উল্লাপাড়ায় স্বামীর মারধরে প্রাণ গেল স্ত্রীর
ফিরোজ আল আমিন
নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে শাহিদা খাতুন (১৯) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামে শনিবার (১৮ এপ্রিল) সকালে স্বামী অন্তর ও স্ত্রী শাহিদার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা তীব্র আকার ধারণ করলে স্বামী অন্তর স্ত্রীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে গুরুতর আহত হন শাহিদা।
পরে আশঙ্কাজনক অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শাহিদা খাতুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগড়া জামতৈল গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। প্রায় এক বছর আগে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা দক্ষিণপাড়া গ্রামের আকবর আলীর ছেলে অন্তরের সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শাহিদার কাছে যৌতুকের টাকা দাবি করে আসছিল। যৌতুক দিতে না পারায় তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। শনিবারের ঘটনাটিও একই দাবিকে কেন্দ্র করে ঘটেছে বলে দাবি তাদের।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, রাত প্রায় ৯টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মারধরের কারণেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।








