পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা
স্টাফ রিপোর্টার:
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন বান্দরবান পার্বত্য জেলার অ্যাডভোকেট মাধবী মারমা।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন মাধবী মারমা। বর্তমানে তিনি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে তার এই মনোনয়নকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় পর্যায়েও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে।
মনোনয়নের ঘোষণা আসার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।








