সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সেচ্ছাসেবক দলের এক নেতার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বাধা দেওয়ায় তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও চৌধুরী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. হাকিমকে প্রথমে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে আহতের বাবা আব্দুল আউয়াল বাদী হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় জাকির হোসেন দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী দল গড়ে তুলে এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. হাকিম। এর জেরে সোমবার জোহরের নামাজ শেষে মসজিদের মাঠে জাকিরের নেতৃত্বে ৭–৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকায় স্থানান্তর করেন।
আহতের বাবা আব্দুল আউয়াল অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেন ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার ছেলে এসবের প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
তবে অভিযুক্ত জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। স্থানীয় কিছু বিএনপি নেতা তাকে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তার দাবি, পারিবারিক বিরোধের জেরে তার ভাতিজা মাসুমের সঙ্গে এ ঘটনা ঘটতে পারে।
সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








